
নেত্রকোণার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান অভিযুক্তদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ মোট ২৫ জন কারাগারে গেলেন।
মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপি, যুবদল এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উপজেলা অফিস চত্বরে হামলা ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় গত ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।মামলার এজাহারভুক্ত ৩৩ জন আসামির মধ্যে ২৫ জন বুধবার হাইকোর্ট বা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
