পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ অন্যান্যরা।
পরে আনুষ্ঠানিকভাবে দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ ও অ্যাডভোকেট আদম সুফি।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, সদর উপজেলা প্রকৌশলী মো. রমজান আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা সম্ভব হবে।