পঞ্চগড়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ‘বকশিস বাণিজ্যের’ অভিযোগ

পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি সেবা বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও প্রসূতি ও রোগীর স্বজনদের কাছ থেকে ‘বকশিসের’ নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর দাবি, সন্তান প্রসবের পর তাঁদের কাছ থেকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। টাকা না দিলে রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সন্তান প্রসবের পর ‘বকশিস’ দেওয়ার নামে টাকা চাওয়া হয়। কেউ কেউ চাহিদামতো টাকা দিতে না পারলে নানা ধরনের হয়রানির শিকার হন।

সেবা নিতে আসা আজিতা নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে।’

আরেক ভুক্তভোগী রুবিনা বলেন, ‘১ হাজার টাকা ছাড়া তাঁরা মানছেন না।’

লাইলী বেগম নামের আরেক ভুক্তভোগীর অভিযোগ, সন্তান জন্মের পর শিশুকে আনতে গেলে তাঁর কাছে ৫০০ টাকা চাওয়া হয়। এ ছাড়া ইনজেকশনের জন্য আরও ১ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, টাকা দেওয়ার পরও যথাযথভাবে ইনজেকশন দেওয়া হয়নি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তান প্রসবের পর রোগীর স্বজনদের কাছ থেকে নিয়মিতভাবে ‘বকশিস’ নেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে।

অভিযোগের বিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা খাদিজার সঙ্গে কথা হলে তিনি টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এখানে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। কোনো রকম টাকা চাওয়া হয়নি। তবে আমার অনুপস্থিতিতে কেউ টাকা চেয়ে থাকলে এর দায় আমার নয়।’

তবে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে খাদিজা বলেন, ‘কেউ টাকা চায়নি। কেউ খুশি হয়ে ১ হাজার, ২ হাজার, ৫ হাজার কিংবা তাঁর সামর্থ্য অনুযায়ী যেকোনো টাকা দিতে পারেন।’

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে এসে কোনো রোগী বা তাঁর স্বজনকে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হলে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তাঁদের দাবি, এর আগেও প্রতিষ্ঠানটিতে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের অর্থে বেতন-ভাতা পেলেও সরকারি সেবা নিতে আসা মানুষের কাছ থেকে অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ গুরুতর বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোদাব্বের হোসেন বলেন, ‘অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভুক্তভোগীদের দাবি, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে টাকা নেওয়ার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের জন্য সহজলভ্য, বিনামূল্যে ও হয়রানিমুক্ত থাকে—এমনটাই প্রত্যাশা তাঁদের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শীতের কষ্ট লাঘবে রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে হুডি উপহার দিলেন চারঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান জুয়েল

দুঃস্থ ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং শীতের তীব্রতা