
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সদর। বুধবার (২-সেপ্টেম্বর) বিকেলে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী পঞ্চগড় মোঃ সফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী, সংশ্লিষ্ট মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি করিম মন্ডল, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি কৃষ্ণচন্দ্র সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় একটি ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ধাক্কামারা হতে ঝলইহাট সড়কে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছের চারা রোপন করা হচ্ছে। এই গাছ বড় হলে পরিবেশ বিপর্যয় রোধ সহ বিভিন্ন প্রজাতির ফল সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




