
পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪-৫ জনের একটি চক্র ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও প্রকাশ করে সম্মানহানি করার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় এ বিষয়ে এজাহার দায়ের করেন। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা রুজু হলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আবু রায়হান হৃদয় (২৪), পিতা মোঃ আউয়াল হোসেন, মাতা মোছাঃ রিনা বেগম। তার বর্তমান ঠিকানা পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এবং স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামপুর (বটতলা বাজার)। অপরজন মোছাঃ সুরাইয়া পারভীন স্বরনী (১৯), পিতা মোঃ সমিরত আলী, মাতা মোছাঃ আরেফিনা আক্তার; ঠিকানা কায়েতপাড়া, পঞ্চগড় পৌরসভা।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট তাদের গ্রেপ্তার করে পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




