
চট্টগ্রামের পটিয়ায় মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তার চার জনকে পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি এবং প্রকাশ্যে বিশৃঙ্খল আচরণের অভিযোগে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের মৃত ক্ষীরদ চন্দ্র ধরের ছেলে মিন্টু ধর(৪০),মৃত বিমল ধরের ছেলে রাজু ধর(৩০),কচুয়াই ইউনিয়নের পারিগ্রামের দুলাল সরকারের ছেলে রতন সরকার(৪৫) ও
কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন
গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ খোকন(২৯) রয়েছেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, মাদক সেবন করে জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি ও জনশৃঙ্খলা ব্যাহত করার অভিযোগে পটিয়ার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে আইন অনুযায়ী প্রত্যেককে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, পটিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও মাদকের মাধ্যমে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।



