জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে চেঁচড়া ত্রিপুরা, রামভদ্রপুর ও ভুঁইডোবা সীমান্ত গ্রাম পর্যন্ত যাতায়াতের একটি ভাঙা রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে পাকা করেছেন আলহাজ্ব সাইফুল ইসলাম। তিনি চেঁচড়া ত্রিপুরা গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষের যাতায়াতের এটিই একমাত্র প্রধান রাস্তা। দীর্ঘদিন আগে নির্মিত এই রাস্তা দিয়ে বালুবাহী হেভি ট্রাক চলাচলের কারণে ইট-খোয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। ফলে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্র্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী।
সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে শনিবার সকাল থেকে এলাকার যুবকদের সহযোগিতায় মিস্ত্রি লাগিয়ে নিজ উদ্যোগে ইট, সিমেন্ট ও বালি দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন সাইফুল হাজী।
তার এমন জনকল্যাণমূলক উদ্যোগে খুশি হয়েছেন পথচারী ও ভ্যান-রিকশা চালকসহ স্থানীয় সাধারণ মানুষ। এলাকারবাসীর প্রত্যাশা, আগামী দিনে তাকে জনপ্রতিনিধি হিসেবে পেলে এমন জনসেবামূলক কাজ আরও প্রসারিত হবে।




