![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৫:৫৮ এ.এম
পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জোর দাবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফিল্ড সুপারভাইজার (এফএস) মোঃ শামসুল আলম।
সভায় উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মুফতি মোহাম্মদ মমতাজ উদ্দিন, এমসি মোঃ শারাফাত হোসেন, জিসি ডাঃ হাফেজ মাওলানা মোঃ মশিউর ইসলাম (সুন্দরপীর), আমবাড়ী সাধারণ রিসোর্স সেন্টারের জিসি মোঃ তোফাজ্জল হোসেন এবং দক্ষিণ মরনাই সাধারণ রিসোর্স সেন্টারের জিসি মোঃ আনিসুর রহমান। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তাঁরা বলেন, এ কার্যক্রম দেশের শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-শিক্ষিকাদের কর্মসংস্থানের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তাই এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সভায় কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং শিক্ষকদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.