পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ-গণমিছিল

দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিল ও বিভিন্ন ধরনের চার্জ আদায় এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহক মিছিল নিয়ে শহরের ঢাকা মোড়ে জড়ো হন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন ও পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এসব মিটারে রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স এবং বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তারা আরও বলেন, প্রিপেইড মিটারের নামে বিভিন্ন ধরনের চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা অবিলম্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপিত মিটার অপসারণের সুযোগ প্রদান, অতিরিক্ত চার্জ আদায় বন্ধ এবং গ্রাহক হয়রানি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন