প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১০:৪৮ এ.এম
শহীদদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন, দোয়া ও মোনাজাত এবং পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দুর্নীতি, বৈষম্য, অন্যায় ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই প্রকৃত অর্থে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন সম্ভব হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মূল্যবোধকে ধারণ করে সততা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও দেশপ্রেমের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। এই দিবস শুধু শহীদদের স্মরণ করার জন্য নয়, বরং তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে বাস্তব জীবনে ধারণ করে উন্নয়ন, সুশাসন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তাঁরা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই একটি বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধি এবং জাতীয় ঐক্য কামনা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে দেশপ্রেম, সততা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত, আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।