![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:০০ এ.এম
পার্বতীপুরে ১৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের সবক
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়ার জোর দাবি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আদর্শ কলেজপাড়া সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে ১৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফের সবক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসি ডাঃ হাঃ মাওঃ মশিউর ইসলাম। তিনি ১৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এস মোঃ শামসুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি মোঃ শারাফাত উল্লাহ। এছাড়া পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল কাদের, মাওলানা মোহাম্মদ ফারিকুল ইসলাম, কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কেন্দ্রের শিক্ষক মাওলানা মোঃ বেলাল হোসেন।
সবক প্রদান শেষে প্রধান অতিথি এফ এস মোঃ শামসুল আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। দেশের বৃহৎ পরিসরের এ কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের কাছে প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে শিশুদের কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.