![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১২:১১ পি.এম
পিআইও আব্দুল জব্বারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসংবলিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। এ উপলক্ষে তিনি সাংবাদিকদের কাছে একটি লিখিত প্রতিবাদপত্র প্রদান করেন।
প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে উৎকোচ দাবি, গালিগালাজ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার যে অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
পিআইও আব্দুল জব্বার বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত উৎকোচ দাবি কিংবা কাউকে লাঞ্ছিত করার অভিযোগের কোনো সত্যতা নেই বলেও তিনি জোর দাবি করেন।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পিআইও আব্দুল জব্বারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.