
রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত সালমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশের প্রতি তাঁদের অবদানের কথা তুলে ধরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা। এ ছাড়া পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস, জাতীয় চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
