রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোর যাওয়ার পথে কলেজটি পরিদর্শন করেন তিনি। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শনকালে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান তিনি। উপস্থিত এক নারী শিক্ষিকার কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। জবাবে ওই শিক্ষিকা জানান, শ্রেণিকক্ষে মোট ১৫ জন ছাত্রী থাকলেও সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন।
এ সময় আরেক শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী এখনো শ্রেণিকক্ষে আসেনি। পরে শিক্ষামন্ত্রী ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষকরা জানান, সকাল সাড়ে ১১টায় ক্লাস হওয়ার কথা। শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা হয়তো তখনো বাইরে অবস্থান করছিল।
একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে সমস্যার কথা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আনা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় ফোন করে তাদের কলেজে আসতে বলতে হয়।
তবে শিক্ষার্থীদের এমন অনুপস্থিতির বিষয়ে শিক্ষকদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি শিক্ষামন্ত্রী। তিনি নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে এসেছিলেন। সকাল সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে তিনি সরাসরি কলেজের চারতলায় যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার বিষয়টি উল্লেখ করে তা মনিটরিং করার নির্দেশ দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট বর্তমানে অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেসব বিষয় বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিক্ষামন্ত্রীকেও অবহিত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকদের অন্যতম দায়িত্ব। একটি শ্রেণিকক্ষে ১৫ জন ছাত্রীর বিপরীতে মাত্র একজনের উপস্থিতির ঘটনা কলেজটির শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।