জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে খুলনার কয়রা থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কয়রা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা। সভায় সভাপতিত্ব করেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কয়রা থানা মসজিদের ইমাম মুফতি মফিজুল ইসলাম আল-আমিন। পরে পবিত্র গীতা পাঠ করেন এসআই (নিঃ) তপন কুমার পাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন এসআই (নিঃ) মো. সোহাইল। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “আমি এসআই (নিঃ) মো. সোহাইল, কয়রা থানা, খুলনা। আজকের এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত আপনাদের সকলকে পড়ন্ত বিকেলে সাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। কয়রা থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।”
সুধী সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত সুধীজন আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি, নারী ও শিশু নিরাপত্তা এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেন, “পুলিশ একা অপরাধ দমন করতে পারে না; জনগণের সক্রিয় সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর অপরাধ ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আস্থার সঙ্গে পুলিশের সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা বিষয়ক মতামত তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে পুলিশ ও সুধীজনের মধ্যে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।