
মাদকের বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ হাতেনাতে আটক হন মো. জামাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয় ।
সোমবার (২ নভেম্বর) পূর্বধলা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বধলার হোগলা ইউনিয়নের ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে জামাল মিয়াকে এক পুড়িয়া গাঁজাসহ মদ্যপ অবস্থায় আটক করে পুলিশ।উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় জামাল মিয়াকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের এই অভিযান কোনোভাবেই থামবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পূর্বধলা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




