কুয়াকাটার ফাঁসিপাড়ায় ভূয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম শরীফ বলেন, তার বাবা দলিল উদ্দিন শরীফের তিন স্ত্রী ছিল। তিন জনেরই আলাদা আলাদা সংসার, বাড়িঘর ও সন্তান রয়েছে। তার দুই স্ত্রী কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামে বসবাস করে। অপর স্ত্রী ছফুরা বেগম থাকেন বগুড়ায়। সেখানে ইসমাইল ও মরিয়ম নামের তার দুই সন্তানও রয়েছে।
তিনি আরো বলেন, আমার বাবা দলিল উদ্দিন স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়া থেকে কুয়াকাটায় পৈত্রিক ভিটায় ফিরে আসতে চাইলে আমার সৎ মা অনিহা প্রকাশ করে। পরবর্তীতে বগুড়ার বাড়িঘর এবং জমিজমা স্ত্রী ও দুই সন্তানকে লিখে দিয়ে পৈত্রিক ভিটায় চলে আসেন তিনি।
আমার বাবা চলে আসার পর আমার সৎ মা ছফুরা বেগম অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই ঘরে তার দুই সন্তানও রয়েছে। তখন আমার বাবা জীবিত ছিল।
১৯৯৬ইং সালে আমার বাবা মারা যায়। মারা যাবার পর বগুড়ায় থাকা সৎ ভাই বোন সম্পত্তির ওয়ারিশ নিযুক্ত হয়।
কুয়াকাটায় অবস্থানরত আমার আরেক সৎ ভাইয়ের ছেলে জালাল শরীফ বাবার মৃত্যুর দুই বছর পর বগুড়ায় থাকা দুই ভাই বোন ও সৎ মায়ের কাছ থেকে ১৯৯৮ইং সালে গোপনে তাদের ওয়ারিশি সম্পত্তি সাব কবলা দলিল করে নেয়। যার এসএ খতিয়ান ৮৩১ ও ৪০৩১, দাগ নং ৪১৯৫.৪১৯৬ ও ৪২১৬।
ওই দলিলে আমার সৎ মা বাবার ওয়ারিশ হিসেবে ১৪ কাঠা (কড়া) জমি বিক্রি করে। যিনি বাবা জীবিত থাকতেই অন্যত্র বিবাহ বসেছে, সেখানে কিভাবে তিনি বাবার ওয়ারিশ হন। সন্তানদের রেখে অন্যত্র বিবাহের পর আইনগতভাবে তিনি আমার বাবার স্ত্রী নন।
তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভূয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি করে আমাদের পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি এবং পারিবারিক বন্ধন ছিন্ন করেছে।
সংবাদ সম্মেলনে দাবি করেন, তার ভাতিজা জালাল শরীফ অসৎ উদ্দেশ্যে ভূয়া ওয়ারিশ সাজিয়ে জমি ক্রয় করে জোরপূর্বক ভোগদখল করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তিনি জমি ফিরিয়ে না দিয়ে উল্টো মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছেন।
জালাল শরীফের বিরুদ্ধে মসজিদের জমি আত্মসাৎ সহ নানা অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ বলেন, আমরা শুধু আমাদের পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিকানা ও আইনগত অধিকার সঠিকভাবে নির্ধারণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা চাই।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন এর সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম শরীফ এর ছোট ভাই নজরুল শরীফ এবং পরিবারের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ###



