গত ৭ মার্চ দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত “ধর্মপাশায় বিএনপির নেতার বিরুদ্ধে সরকারি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।
এক প্রতিবাদলিপিতে আবুল বাশার বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সুনামের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে উল্লেখ করা হয়েছে যে তিনি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় সরকারি খাস ও ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেন। বাস্তবে সরকারি কিংবা অন্য কারও জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং বিষয়টি সঠিকভাবে তদন্ত বা যাচাই করা হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এতে তার ব্যক্তি সুনাম, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবুল বাশার সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে অনতিবিলম্বে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় মানহানি ও সুনাম ক্ষুণ্নের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।



