প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার গাজীপুর সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় ও সরকারিভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর এ সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। বুধবার সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট বাংলাদেশে এটিই প্রথম। এটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, গাজীপুরের সঙ্গে তারেক রহমানের পরিবারের রয়েছে ঐতিহাসিক ও আবেগঘন সম্পর্ক। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে পৃথক করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেন এবং নিজেই মহকুমা ভবনের উদ্বোধন করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে গাজীপুরের মানুষের হৃদয়ে তার পরিবারের প্রতি রয়েছে বিশেষ আবেগ ও কৃতজ্ঞতা। ফলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গাজীপুরের জেলা পরিষদের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস এম মনজুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে দলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।




