![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৫৫ এ.এম
প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে হাইস মাইক্রোবাসের সংঘর্ষে জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুরের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মালয়েশিয়া থেকে দেশে ফেরা প্রবাসী সুজন মিয়াসহ আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ০৪ টার দিকে শেরপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বাড়ইল কুঠিপাড়া গ্রামের আছের আলীর ছেলে জোবায়ের হোসেন (২৭) এবং আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস (২২)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে দেশে ফেরা বন্ধু সুজন মিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে বুধবার ঢাকায় যান জোবায়ের। সঙ্গে ছিলেন মাইক্রোবাসচালক ফেরদৌস। রাত সাড়ে ১০টার দিকে সুজনকে নিয়ে জয়পুরহাটে ফেরার পথে ভোর ৪টার দিকে নয়মাইল এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে ভুট্টাবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জোবায়ের ও ফেরদৌস নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম জানান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
নিহত জোবায়েরের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। দুই তরুণের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.