![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ১২:২০ পি.এম
প্রশিক্ষণ শেষে হাতে দায়িত্বের সনদ, পরিবেশ রক্ষায় ৬৪ ভিডিপি সদস্যের হাতে চারা
আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের প্রশিক্ষণ শেষে এবার পরিবেশ রক্ষার দায়িত্বও নিলেন নওগাঁর আত্রাইয়ের ৬৪ জন ভিডিপি সদস্য। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে ৬৪ জন সদস্যের প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রশিক্ষক মো. ফিরোজ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিডিপি সদস্যরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম হবেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে তারা আরও বেশি অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রতি বছর ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে ওঠেন।
গাছের চারা বিতরণের বিষয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ নানা ধরনের হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাও করেন তিনি।
প্রশিক্ষণ শেষে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারী ভিডিপি সদস্যরা। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাড়ি ফিরতে পেরে তারাও সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.