![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:২০ পি.এম
ফুলপুরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন
ময়মনসিংহের ফুলপুরে ফুলপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, মনগড়া বক্তব্য প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ফুলপুর পৌরসভার সিএনবি পুকুর ভরাট করে সিএনজি ও অটো স্টেশন স্থাপনের মাধ্যমে যানজট নিরসনের উদ্যোগ নেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাদিয়া ইসলাম সীমা এবং এসিল্যান্ড মেহেদী হাসান ফারুক। এলাকার সর্বস্তরের মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানালেও যুবদল নেতা বিল্লালসহ কয়েকজন শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন এবং তৎকালীন ইউএনও, এসিল্যান্ড ও কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার চালান।
তারা আরও বলেন, ফুলপুর পৌরসভা সংলগ্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বেশ কিছু টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের সময় বিল্লালের বাড়ির সামনের রাস্তা ও ড্রেনের জন্য ২০ ফুট জায়গা এবং তার ছোট ভাইয়ের দোকানের সামনে ১০ ফুট জায়গা ফাঁকা রেখেই কাজ করা হয়, যা তাদের যাতায়াতের দ্বিতীয় পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া পৌরসভা থেকে দুটি দোকান বরাদ্দ পাওয়ার পরও বিল্লাল ক্ষমতার দাপটে অবৈধভাবে তিনটি দোকান দখল করে রেখেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বিল্লাল তার নিজস্ব যাতায়াতের রাস্তা ব্যবহার না করে প্রতিদিন বুট বিক্রেতা মানিকের দোকানের সামনে দিয়ে যাতায়াত করতেন এবং তাকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তিনি অসৎ উদ্দেশ্যে মানিক বুট বিক্রেতার বসার টেবিল ভেঙে ফেলেন। এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই কথিত পথটি বন্ধ করে দেন। তবে বিল্লালের বাড়িতে যাতায়াতের জন্য অপর দুটি প্রধান রাস্তা সম্পূর্ণ সচল ও বাঁধাহীন অবস্থায় রয়েছে বলে তারা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিল্লাল হোসেনের দাবিকে ভিত্তিহীন ও মনগড়া উল্লেখ করে ভুক্তভোগীরা এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.