![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১০:৩৪ এ.এম
ফুলপুর পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ, কৃষকদের মাঝে বিক্রি
ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত সুলভ মূল্যে বিক্রি করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার জুড়া ব্রিজ ও আমুয়াকান্দা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা থেকে একটি অটোতে করে ২০ বস্তা ডিএপি সার হালুয়াঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফুলপুর ব্রিজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা অটোরিকশাটির গতি রোধ করে সারগুলো আটক করেন। এ সময় অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় কোন ডিলারের কাছ থেকে বা কোন উৎস থেকে সারগুলো সংগ্রহ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার দিকনির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ২০ বস্তা ডিএপি সার জব্দ করেন। পরবর্তীতে জব্দকৃত সার নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সারের অবৈধ কেনাবেচা ও অনিয়ম রোধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.