বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গুরুত্ব খনির সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের একমাত্র উৎপাদনশীল ভূ-গর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জাতীয় জ্বালানি নিরাপত্তায় খনিটির ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।
সভায় বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খনির বর্তমান উৎপাদন পরিস্থিতি, ভূ-গর্ভস্থ উত্তোলন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনা এবং জাতীয় জ্বালানি খাতে বড়পুকুরিয়া কয়লা খনির কৌশলগত গুরুত্ব তুলে ধরে বিস্তারিত উপস্থাপনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড়পুকুরিয়া কয়লা খনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল গড়ে তোলা, নিরাপদ খনি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে খনিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন খনির উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জাতীয় অর্থনীতিতে খনিটির অবদান আরও বৃদ্ধি পায়।
বিশেষ অতিথি সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি শুধু দিনাজপুর বা উত্তরাঞ্চলের নয়, সমগ্র দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাত আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিসিএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা খনির উৎপাদন কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও পরিবেশসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে অতিথিরা বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা