![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১১:৪৬ এ.এম
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রকল্পে গতি আনা ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বারোপ
বরগুনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের জীবনমানের পরিবর্তনে সরকারি সব দপ্তরকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং মাদকবিরোধী উদ্যোগ আরও কার্যকর করতে হবে।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তারা, রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.