বরযাত্রীর গাড়ি আটকে হাতাহাতি, দিনাজপুরে প্রাণ গেল শ্রমিক নেতার

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন (৪৫) জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ এলাকায় বরযাত্রীর একটি মাইক্রোবাস যাচ্ছিল। তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে পাশ কাটায় মাইক্রোবাসটি। এ সময় দ্রুতগতিতে অটোরিকশার পাশ ঘেঁষে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে ওই অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানিয়ে বরযাত্রীর মাইক্রোবাস আটকে রাখার কথা বলেন।
পরে মোস্তফা কামাল আরও কয়েকজনকে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বরযাত্রীর মাইক্রোবাসসহ গাড়িবহর আটক করেন। এ সময় বরযাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে এলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হন মোস্তফা কামাল। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, মোস্তফা কামালকে জরুরি বিভাগে আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গাড়ি সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন সড়ক থেকে সরে গেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ প্রতিভা সন্ধানী, পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায় সংবর্ধনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে

‎সবুজবাগ থানা যুবদল নেতা সাকিবের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার: সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

 ​সবুজবাগ থানা যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাকিব-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত