
পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, মোঃ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর লস্কর, পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা বেগম, সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।





