প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:৪৫ এ.এম
বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেদপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তা দ্রুত চালু ও সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে মধ্য কুমেদপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলটি বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হলে বিক্ষোভকারীরা পরিষদ ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চালু ও সংস্কারের আশ্বাস দেওয়া হলেও নানা তালবাহানায় তা বাস্তবায়ন করা হয়নি। পাশাপাশি স্বার্থান্বেষী একটি মহল রাস্তা বন্ধ রাখার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসী চায়ের দোকানদার শাজাহান মির্ধার কাছে চা না খাওয়ায় প্রায় এক বছর আগে রাস্তা বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমানের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা হয়। সেই শাহজাহান মিয়া আবার নতুন করে গ্রামবাসীর নামে মিথ্যা থানায় অভিযোগ দিয়ে হয়রানি ও রাস্তা দিয়ে চলাচল বন্ধের পাঁয়তারা করছেন। এদিকে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় দীর্ঘ এক বছর রাস্তারই চলাচলের পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা না করায় হবে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। তাদের একটাই দাবি রাস্তাটি ব্যবহারের উপযোগী করে সংস্কার করা হোক এবং গ্রামবাসীর নামে সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা হোক।
পরে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি তুলে নেন।
বিক্ষোভে জাহিদুল ইসলাম, ফিরোজ মিয়া, আঙ্গুর সরকার, রেজাউল করিম, তোতা মিয়া, লিমন সরকার, সাইন শেখ, রানা মিয়া, রাজা মিয়া, ভুট্টু মিয়া, ইদ্রিস, মোকসেদ, মকগুল, খালেক, কাদের, তাহের, রিপন, রিফুল, ফারুক ও ফয়জারসহ স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
বল্লমঝাড় মধ্য কুমেদপুর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.