বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক পরীক্ষার্থীর আত্নহত্যা

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশায় ভুগে কারিনা পাল (প্রায়) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের বাসিন্দা শ্রী কাঞ্চন কুমার পালের বড় মেয়ে। তিনি চান্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুই বোনের মধ্যে কারিনা ছিলেন বড়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন।

কারিনার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। একটি পরীক্ষার ফলকে কেন্দ্র করে একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতিতে অনেকেই গভীর দুঃখ প্রকাশ করেছেন।

একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া জীবনের একটি সাময়িক ব্যর্থতা মাত্র। ভবিষ্যতে আবারও চেষ্টা করার সুযোগ থাকে। তাই ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী হতাশ বা মানসিক চাপে পড়লে তার পাশে দাঁড়ানো এবং সহানুভূতির সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি।

কারিনা পালের মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান—পরীক্ষার ফলাফলকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখে ব্যর্থতাকে নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করুন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন