বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী বাজারসংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের নিচ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আইন ও নিয়মনীতি উপেক্ষা করে নির্মাণাধীন কালভার্টের নিচ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে দেওয়া হচ্ছে সংযোগ সড়কে। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে এভাবে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্টরা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় একবাসিন্দা অভিযোগ করে বলেন, নির্মাণাধীন ব্রিজের জন্য তাদের রেকর্ডীয় সম্পত্তি ব্যবহার করা হলেও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর মধ্যে আবার কালভার্টের নিচ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে তারা ক্ষতির মুখে পড়ছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী মনঞ্জুর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার রিপন মন্ডলের সঙ্গেও একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে নির্মাণকাজের একজন ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে ঠিকাদারের ম্যানেজার হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেন।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি সরেজমিনে দেখার ব্যবস্থা নিচ্ছি।##