বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ হয়রানির অভিযোগ

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখাসহ নানা  অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট জেলা উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিভিন্ন নথিপত্র যাচাই এবং অফিসের সেবা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীরা দুদুকের কাছে লিখিত অভিযোগে জানান, পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। যার মধ্যে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ। দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং অফিসের উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, পাসপোর্ট অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে যেসব তথ্য ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তিনি আরও বলেন, অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন