রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাধ্যমিক স্তরের প্রধান, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ, পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। চলতি বছর উপজেলায় ১,০৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫ জন কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ২ জন এবং গড় পাশের হার ২৪.৪৭%।
সভায় শিক্ষকরা এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতি, অভিভাবকদের অসচেতনতা, দুর্গম ও প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি এবং পড়াশোনায় অমনোযোগিতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান অভিভাবকদের অশিক্ষিত হওয়াকে সরাসরি শিক্ষার্থীদের পড়াশোনা বা ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ না করার পরামর্শ দেন। তিনি বলেন, অনেক অভিভাবক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও তাদের সন্তানরা ভালো ফলাফল করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। তাই অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে সচেতনতার অভাবকে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত একজন ইউপি চেয়ারম্যান শিক্ষকদের মধ্যে অন্তর্কোন্দল, বিভিন্ন গ্রুপিং ও পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও অন্তর্কোন্দলের কারণে অনেক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে, যার প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফলের ওপর পড়ছে।
সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে হাজিরা খাতা সংরক্ষণ এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সাপ্তাহিক ক্লাস টেস্টের আয়োজন, বিষয়ভিত্তিক দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ তদারকির ব্যবস্থা এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন এবং অভিভাবকদের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকদের পারস্পরিক গ্রুপিং ও অন্তর্কোন্দল পরিহার করে বিদ্যালয়ে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সচেতনতা তৈরির পাশাপাশি মাদকাসক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
দুর্গম ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে আবাসিক ব্যবস্থার সুযোগ সৃষ্টির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মিড-ডে মিলের ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনে বিদ্যালয়ের বাইরে যেতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করে প্রেষণামূলক ক্লাস নেওয়ার প্রস্তাব করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও বিদ্যালয়ে উপস্থিতি সম্পর্কে খোঁজ নিতে শিক্ষকদের হোম ভিজিট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিদ্যালয়গুলোর শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শিক্ষক সংকট দূর করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, বিদ্যালয়ে ইতিবাচক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা এবং বিদ্যালয়গুলোতে কার্যকর ও অনুকূল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

