বান্দরবান জেলা পরিষদে প্রতিনিধি না থাকায় লামায় সড়ক অবরোধ ও মানববন্ধন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত কমিটিতে লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে লামা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
​কর্মসূচির অংশ হিসেবে দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন। এতে সড়কের যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
​মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, উপজেলা ছাত্র পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলন, স্থানীয় প্রতিনিধি আব্দুল করিম এবং সাংবাদিক নজরুল ইসলাম।
​সমাবেশে বক্তারা জানান, আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক দিক থেকে লামা বান্দরবান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে পাহাড়ি-বাঙালি বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ফলে জেলা পরিষদের মতো নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে লামা থেকে অন্তত একজন প্রতিনিধি থাকা জরুরি। প্রতিনিধি না থাকায় স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ রক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
​বক্তারা আরও উল্লেখ করেন, এই দাবি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এটি পুরো উপজেলার ন্যায্য প্রতিনিধিত্বের বিষয়।
​সমাবেশ থেকে অতিদ্রুত লামা উপজেলা থেকে যোগ্য ও গ্রহণযোগ্য সদস্য জেলা পরিষদে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন