বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন লামাবাসী। জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তত একজন যোগ্য ও গ্রহণযোগ্য সদস্য অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় লামার প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
কর্মসূচিতে লামার প্রবীণ সাংবাদিক, লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, উপজেলা ছাত্র পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, লামা উপজেলা ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলন, লামা শাখার সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা লামা থেকে কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। লামার মানুষের উন্নয়ন, অধিকার ও স্থানীয় সমস্যাগুলো জেলা পরিষদে যথাযথভাবে তুলে ধরতে লামা উপজেলা থেকে একজন প্রতিনিধি থাকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আয়তন, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে লামা বান্দরবান জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। দুর্গম পাহাড়ি এলাকার পাশাপাশি এখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ফলে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামার প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও ন্যায্য প্রতিনিধিত্বের বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, জেলা পরিষদে লামার প্রতিনিধিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর দাবি নয়; এটি পুরো লামাবাসীর ন্যায্য প্রতিনিধিত্বের দাবি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত লামা উপজেলা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করবেন—এমন প্রত্যাশা তাদের।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।