
মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসানের আগমন উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় আরও জোরদার করে মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন বিচারপতি জেবিএম হাসান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি জেবিএম হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইনজীবী নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসাইনসহ জেলা বারের অন্যান্য আইনজীবীরা।
বক্তব্যে বিচারপতি জেবিএম হাসান বলেন, আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার ও বেঞ্চের সমন্বিত প্রচেষ্টায় মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি বিচারপ্রার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করা সম্ভব।
তিনি মুন্সীগঞ্জের আদালতের বিচারক, সরকারি আইনজীবী ও সাধারণ আইনজীবীদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে লিগ্যাল এইডের মামলার পাশাপাশি দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের মামলায় সহযোগিতার জন্য জেলা বারের সিনিয়র আইনজীবীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।
এ সময় তিনি আইন ও আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।




