রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত বারেক শেখ বনগ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন বারেক শেখ। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে বিদ্যুৎ আসার পর তিনি ঘাস কাটার মেশিনের সুইচ চালু করতে গেলে পাশে থাকা টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত টিনের বেড়া স্পর্শ করলে বারেক শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় কোনো আসামি বা অভিযুক্ত নেই বলে জানিয়েছে পুলিশ।



