
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ মোছা. তসলেমা আকতার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী থানার পারুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের দাবি, তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।