
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা, শিক্ষা নিশ্চিত করা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিভিল জজ আছমা আরা বীথি। তিনি বলেছেন, বাল্যবিবাহ কোনোভাবেই কাম্য নয়। শারীরিক ও মানসিক পরিপক্বতা আসার আগেই সন্তানকে বিয়ে দেওয়া তার ভবিষ্যৎ, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই ছেলে-মেয়ে উভয়েরই শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপা তলা গুচ্ছ আদর্শগ্রামে কমিউনিটি পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সহায়তাবিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় গ্রীন ইউথ ফোরাম বাগেরহাট এর উদ্যেগে সুশীল প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়।
বাগেরহাটের জেলা লিগ্যাল এইড কর্মকর্ত আছমা আরা বীথি বলেন, একটি মেয়েকে শুধু মেয়ে হিসেবে বিবেচনা না করে তার শিক্ষা, যোগ্যতা ও ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ দিতে হবে। অল্প বয়সে বিয়ে হলে দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। পরবর্তী সময়ে সন্তানসহ ওই মেয়েকে নানা সংকটে পড়তে হতে পারে। কিন্তু সে শিক্ষিত হলে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া কোনো সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিক আর্থিক অসচ্ছলতার কারণে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করেছে। দেশের ৬৪টি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস রয়েছে। কোনো ব্যক্তি আইনি সমস্যায় পড়লে বা নিজের অধিকার আদায়ে করণীয় বুঝতে না পারলে জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে পরামর্শ নিতে পারেন। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় ব্যক্তিদের মামলা পরিচালনার জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগের ব্যবস্থাও রয়েছে।
তিনি আরও বলেন, আদালতে মামলা পরিচালনায় দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হতে পারে। এ কারণে লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপস-মীমাংসার ওপর গুরুত্ব দিয়ে থাকে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা হলে সময় ও অর্থের অপচয় কমে। পাশাপাশি সামাজিক সম্পর্কও বজায় থাকে। আইন অনুযায়ী লিগ্যাল এইডের মাধ্যমে সম্পাদিত সমঝোতা চুক্তিরও আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এসব সুযোগ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতেই এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ।
বৈঠকে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাটের সাধারণ সম্পাদক মাসুদূর রহমান বাবু, সংগঠনটির সদস্য মোল্লা মনিরুজ্জামান ও মো. আব্দুল গণি, গ্রীন ইউথ ফোরাম বাগেরহাটের সভাপতি নাইমা সেলিম, শেখ বাদশা, নূরানী আক্তার মিতু, নিশি খাতুন ও সুচন্দ্রা ভট্টাচার্যসহ স্থানীয় নারী-পুরুষ ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
