
“শিক্ষাই আলো, শিক্ষক সেই আলোর পথ প্রদর্শক” – এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “আলোকবর্তিকা” শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন (বিওয়াইএফসি)।
সাভারের বিওয়াইএফসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসর) জনাব মোঃ আব্দুল মান্নান- বিপিএম এবং সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র বোর্ড চেয়ারম্যান জনাব জ্যোতি এফ গোমেজ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, “একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি একজন শিক্ষার্থীর জীবনের দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন। জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষকদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। ক্লাসে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে।”
এ সময় অন্যান্য বক্তারা বলেন, ” একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, একটি পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীর মনকে বিকশিত করে। তাই শুধু পড়াশোনা নয়, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার রাখা এবং একে অপরের প্রতি, বিশেষ করে শিক্ষকের প্রতি সম্মান দেখানোও শিক্ষার অংশ।”
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিওয়াইএফসির হাই ক্লাব শিক্ষার্থীদের মাধ্যমে নাচ, গান ও সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



