
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে এক ইলেকট্রিশিয়ানও আহত হয়েছেন।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃ?ষ্ট হয়ে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




