
নাটোরের গুরুদাসপুর উপজেলার ২নং বিয়াঘাট ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও অনিয়মমুক্ত করে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও শিক্ষক নেতা মোঃ নাদিম মোস্তফা। এ লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৫টায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ‘এলাকাবাসীর ভাবনায় আগামীর আদর্শ বিয়াঘাট: চেয়ারম্যান পদপ্রার্থিতা ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার মুরব্বি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা অংশ নেন। সভায় বিয়াঘাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদক প্রতিরোধ, দুর্নীতি ও অনিয়ম দূরীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় এলাকাবাসীর প্রত্যাশা, সমস্যা ও উন্নয়ন ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মতবিনিময় সভার আহ্বায়ক ছিলেন ২নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাদিম মোস্তফা। তিনি বলেন, বিয়াঘাট ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। জনগণ তাঁকে দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে দুর্নীতি, মাদক, পেশিশক্তি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, “আমি বিয়াঘাট ইউনিয়নের মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে চাই। শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সবার সহযোগিতায় বিয়াঘাট ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন নাদিম মোস্তফা। তিনি রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধি। এ ছাড়া দস্তনা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, দস্তনা নগর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং বিয়াঘাট ইউনিয়ন পুলিশ সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল, যুবদল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন। তিনি গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক। তাঁর ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়াঘাট ইউনিয়নে বিএনপির পক্ষে প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।
নাদিম মোস্তফার পারিবারিক ঐতিহ্যও স্থানীয় জনসেবার সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম আলহাজ্ব আজিজুল হক সোনার ১৯৭১ সালে বৃহত্তর খুবজিপুর ও বিয়াঘাট ইউনিয়ন এলাকার ত্রাণ বিতরণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও তিনি দীর্ঘদিন এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।
এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার কথাও জানান নাদিম মোস্তফা। দলীয় পরিচয়ের বাইরে সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে বিয়াঘাট ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিয়াঘাট ইউনিয়নের বিদ্যমান সমস্যা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। সভাটি এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় এবং স্থানীয় উন্নয়ন ভাবনা বিনিময়ের একটি উন্মুক্ত পরিসর হিসেবে অনুষ্ঠিত হয়।





