যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই কঠোর সামরিক বার্তা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলা করার সক্ষমতা রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর। যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতেও তারা প্রস্তুত।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি এসব মন্তব্য করেছেন।
তিনি বলেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের ও যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর।
ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরে মোস্তফা ইজাদি আরও বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতেও এই সক্ষমতা ও সামরিক শক্তির ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি দাবি করেন, শত্রুপক্ষ একসময় বলেছিল, আইআরজিসিসহ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু তাদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।