পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ ব্যক্তিকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া (সামারি ট্রায়াল) এর মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল ৫টায় বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল
উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ২নং ওয়ার্ড মাহানপাড়া এলাকার আব্দুল সেলিম এর বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক বিক্রেতা খোদেজা বেগমকে নিজ বাড়ি থেকে মাদক বিক্রির সময় ১৮৫ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। খোদেজা বেগম ঐ এলাকার আব্দুল সেলিম এর স্ত্রী। এছাড়াও মাদক ক্রয় ও সেবনের জন্য আসা আনোয়ার হোসেন(২১) এবং রশিদুল ইসলাম(২৪) কে ৫ গ্রাম করে মোট ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রিয়াদ হোসেন সদর উপজেলার মাগুরা সিপাহী পাড়া এলাকার আনোয়ার হোসেন ও রশিদুল ইসলাম সদর উপজেলার লাঙ্গলগাও বড়বাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে।
পরে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার নির্দেশনায় আটক তিনজনকে উদ্ধারকৃত মাদকসহ তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে উপস্থিত করা হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৩, বোদা, পঞ্চগড় এর বিচারক মোঃ আরিফ হোসেন মুন্না সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের সাজা প্রদান করেন। পরে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
বোদা থানার ওসি মোঃ সোয়েল রানা জানান, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তরা অনেক সময় দ্রুত আপিলে জামিনে মুক্ত হয়ে যায়। এজন্য মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর শাস্তি নিশ্চিত করতে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।