প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৮:৪৭ পি.এম
বোরহানউদ্দিনে কুতুবায় অভিযান: ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সুমন গ্রেফতার
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুযোগ্য দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের (ওসি) বলিষ্ঠ নেতৃত্বে মাদক নির্মূলে থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহিম হোসেন নয়ন ও তার সঙ্গীয় ফোর্স কুতুবা ইউনিয়নের ছাগলা ৯নং ওয়ার্ড এলাকার মিয়া বাড়ির দরজায় অভিযান চালান। সেখানে রিয়াজের চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মো. সুমনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুমন বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা ৯নং ওয়ার্ডের মৃত সোবাহান মৃধার ছেলে।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। মাদক কারবারি ও অপরাধীদের দমনে ভোলা জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.