বোরহানউদ্দিনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেটের বিশাল চালান উদ্ধার করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আনোয়ার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে জব্দ করা ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে হাসপাতালের পূর্ব পাশের এলাকায় আনোয়ার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশি সিগারেট মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে কম দামে সংগ্রহ করা এসব বিদেশি সিগারেট পরে বেশি দামে বাজারজাত করা হতো।
এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি অবৈধ বিদেশি সিগারেটের সরবরাহ বন্ধে আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এই বিষয় জানার জন্য আনোয়ারের মোবাইল নম্বরে কল দিলে, রিসিভ করে ব্যস্ত দেখিয়ে লাইন কেটে দেন।
কোস্টগার্ড দক্ষিণ জোন জানিয়েছে, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুদ ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র