
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বোরহানউদ্দিন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব লিটন সিকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব নোমান হাওলাদার এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সিপন হাওলাদার।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরবর্তীতে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। একই সাথে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।





