ব্যবসার কাজে প্রতিদিনের মতোই ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন রেজাউল ইসলাম (৪৫)। পরিবারের কেউ হয়তো ভাবেননি, প্রিয় মানুষটি আর জীবিত ফিরে আসবেন না। পাট কিনতে যাওয়ার পথে অজ্ঞাত একটি পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল তার প্রাণ। স্বজনদের অপেক্ষার অবসান হলো, তবে ফিরলেন তিনি নিথর দেহে।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরে পাথরবাহী অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ধান ও পাট ব্যবসায়ী ছিলেন। বর্তমানে বিরামপুর পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে পাট কেনার উদ্দেশ্যে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে দূর্গাপুর চায়না অফিস মোড়ে পৌঁছালে গোবিন্দগঞ্জগামী একটি অজ্ঞাত পাথরবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।
রেজাউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে স্বজন ও সন্তানের সহপাঠীরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন। প্রিয় মানুষকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বরের পরিবেশ।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


