![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৭:২৯ পি.এম
ব্রাহ্মণপাড়ায় প্রবাসফেরত যুবকের আত্মহত্যা
বিদেশ থেকে ফিরে হতাশায় ভুগছিলেন হৃদয়, বিষপানে মৃত্যু
ইসমাইল নয়ন,ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি।।
পারিবারিক সচ্ছলতার আশায় বিদেশে গিয়ে সুবিধা করতে না পেরে দেশে ফিরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হৃদয় হাসান (২৯)। শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যা করেছেন এই যুবক।
আজ রোববার ভোর চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে বিদেশে গিয়েছিলেন হৃদয় হাসান। তবে সেখানে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পেরে খালি হাতে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকেই তিনি চরম মানসিক হতাশায় ভুগছিলেন।
গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি বিষপান (কীটনাশক) করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাঁকে ঢাকার একটি বেসরকারি (হোম কেয়ার) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “হৃদয় হাসান পূর্বে প্রবাসে ছিলেন। সেখান থেকে ভালো কাজ না পেয়ে দেশে ফিরে তিনি মানসিকভাবে অসুস্থ ও বিপর্যস্ত হয়ে পড়েন। সেই মানসিক হতাশা থেকেই তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ খবর পেয়েছে।”
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.