
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন জুনায়েদ বিন নাছির ও হাফেজ মারুফ হাসান । এতে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ মফিজুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মাওলানা মু. রহমতুল্লাহ খান, মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবুল কাশেম খান খোকন ও আলমগীর হোসেন সরকারসহ অভিভাবকরা। সমাবেশের শুরুতে বিগত পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি প্রতিবেদন অভিভাবকদের সামনে তুলে ধরা হয়। বক্তারা বলেন, শুধু শ্রেণীকক্ষে পাঠদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাড়ি এবং বিদ্যালয় উভয় পরিবেশেই সমান নজরদারি প্রয়োজন। বিশেষ করে মোবাইল আসক্তি দূর করা, নৈতিক শিক্ষা প্রদান এবং নিয়মিত পড়াশোনার পরিবেশ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। সভাপতির বক্তব্য অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা অত্যন্ত জরুরি। অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। বিশেষ করে প্রতিটি মায়েদের ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহনের পর থেকে মাদ্রাসা উন্নয়নের লক্ষে শিক্ষিকা ও ছাত্রীদের অযুখানা ও ওয়াশরুম নির্মাণ, ছাত্রীদের নামাজের জায়গা ব্যবস্থা, শিক্ষক ও কর্মচারীদের ৫% বেসরকারি বেতন প্রদান, প্রতিটি রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষিকাদের পৃথক কমন রুম ব্যবস্থা, অডিটোরিয়াম রুম ও সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রীদের উপস্থিত বাড়ানোর জন্য নিয়মিত মনিটরিং, পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের নামাজ পড়া ও টিফিন গ্রহনের জন্য পৃথক রুমের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও সার্বিক পরিবেশ নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রকাশ করেন। শিক্ষকমণ্ডলী অভিভাবকদের এসব প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।





