ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইসকন মন্দিরে চুরি-১৪টি প্রতিমা, দানবাক্স ও স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্রীশ্রী পাগল শংকর ইসকন মন্দিরে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। এ সময় মন্দির থেকে ১৪টি প্রতিমা, দুটি দানবাক্সসহ বিপুল পরিমাণ পূজার সরঞ্জাম, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।
সোমবার (দিবাগত রাত) রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার ফান্দাউক ইউনিয়নের পাগল শংকর ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে চোরেরা মন্দিরের পাঁচটি কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পিতলের ৬টি ও পাথরের ৮টি প্রতিমা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি দুটি দানবাক্স ভেঙে নগদ টাকা, রুপার পাদুকা, বাঁশি, কাঁসার বাসন ও কলস, হারমোনিয়াম, বালতি, পিতলের আসন ও গ্লাস নিয়ে যায় চোরেরা।
এ ছাড়া এক পূজারির কক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।
ভোর চারটার দিকে মন্দিরের পূজারি আদি শিষ্য মঙ্গল আরতি করতে উঠে মন্দিরের প্রধান ফটকের সামনে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুখদা বলরাম দাসকে জানানো হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন, থানা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম মো. আমিনুল ইসলাম। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্দিরের পূজারি লিপি রানী গোপ বলেন,
“আমাদের অপরাধটা কী? বারবার আমাদের ওপরই কেন এমন অত্যাচার হচ্ছে। নিজেদের আর নিরাপদ মনে হচ্ছে না।”
ভুক্তভোগী শিল্পা রানী মালাকার বলেন,
“আমি মাধবপুরে ছিলাম। ফিরে এসে দেখি আমার কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আমার কেউ নেই, আমি শুধু প্রভুর সেবা করি।”
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, মন্দির এলাকায় তিনটি সিসিটিভি ক্যামেরা থাকলেও একটি সচল ছিল। ওই ক্যামেরায় একজন চোরকে দেখা গেছে, তবে গায়ে কম্বল বা কাপড় মোড়ানো থাকায় তাকে শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের মূল লক্ষ্য ছিল দানবাক্সের টাকা।
পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ জানান, চোরেরা গ্রিল কেটে গায়ে চাদর মোড়ানো অবস্থায় মন্দিরে প্রবেশ করে চুরি সংঘটিত করেছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে এবং পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন